https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড তারকা আমির খান ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পর এবার ভক্তদের দিলেন আরও একটি সুখবর। বিয়ের মাত্র পাঁচদিনের মাথায় তিনি ঘোষণা দিয়েছেন নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘সিল্কইয়ারা ৪১’-এর, যা যৌথভাবে নির্মাণ করবে আমির খান প্রোডাকশনস, কবীর খান ফিল্মস এবং অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মস।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হবে ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে ১৭ দিনের উদ্ধার অভিযানের মাধ্যমে নিরাপদে ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে।
নির্মাতাদের ভাষ্য, এটি শুধু একটি উদ্ধার অভিযানের গল্প নয়; বরং সাহস, মানবতা, অদম্য মনোবল এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য উদাহরণ। ছবিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টানেলিং বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্সের ভূমিকাও তুলে ধরা হবে।
নতুন প্রকল্প নিয়ে আমির খান বলেন, এই যৌথ উদ্যোগের ঘোষণা দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তার ভাষায়, সিল্কইয়ারা টানেলের উদ্ধার অভিযান সাহসিকতা ও মানবতার অসাধারণ দৃষ্টান্ত, যা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ে এই চলচ্চিত্র বিশেষ তাৎপর্য বহন করবে। দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক চেতনার জয়কে তুলে ধরবে।
এর আগে গত ৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। ব্যক্তিগত জীবনের নতুন সূচনার পর পেশাগত জীবনেও বড় এই ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্তরা।