জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে অতিরিক্ত সময়ে জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা।

মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে চাপে পড়ে ইংল্যান্ড। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বেলিংহাম। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এদিকে, কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

দুই পরাশক্তির মধ্যকার এই হাইভোল্টেজ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ১টায়।

অন্যদিকে, প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে ১৫ জুলাই (বুধবার) রাত ১টায়। দুটি সেমিফাইনালই বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ফুটবলপ্রেমীদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে।