বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিশেষ একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। একই অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতাঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, বন্যার্তদের সহায়তার জন্য আয়োজিত এই অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। টিকিট বিক্রির অর্থ বিশেষ তহবিলে জমা হয়ে বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।

একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে অংশ নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আয়োজকরা।