তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হওয়ার মাত্র চার মাসের মাথায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পদত্যাগের পর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের দলীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন কোয়েল। এরপর থেকেই তার বিজেপিতে যোগ দেওয়ার জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি অভিনেত্রী।

চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল মল্লিক। এর আগে মার্চে তাকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করা হয়। গত ১১ জুন ই-মেইলে পদত্যাগপত্র পাঠালেও নিয়ম অনুযায়ী সরাসরি উপস্থিত না হওয়ায় সেটি গ্রহণ করা হয়নি। পরে বৃহস্পতিবার তিনি সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।

কোয়েলের পদত্যাগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-এ। এর আগে দলটির আরও কয়েকজন সদস্য পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

এদিকে কোয়েল মল্লিকের পরবর্তী রাজনৈতিক গন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও তিনি তৃণমূল ছাড়ছেন কি না বা বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।