হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির প্রথম দিনেই বিশ্ব বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। প্রিভিউ ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে সিনেমাটির আয় প্রায় ৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকা।

উত্তর আমেরিকায় শুধু প্রিভিউ শো থেকেই সিনেমাটি আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ‘টয় স্টোরি ৫’–এর দখলে।

যুক্তরাষ্ট্রের বাইরে ৭৩টি বাজার থেকে আরও ২ কোটি ২২ লাখ ডলার আয় করেছে ছবিটি। বর্তমানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩ হাজার ৩০০টির বেশি প্রেক্ষাগৃহের ২৫ হাজারের বেশি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘দ্য ওডিসি’।

ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন বাজারেও ছবিটি শীর্ষ অবস্থানে রয়েছে। ফ্রান্সে প্রায় ৫০ লাখ ডলার, অস্ট্রেলিয়ায় ৩৭ লাখ ডলার এবং ইতালিতে ২৫ লাখ ডলার আয় করেছে। পাশাপাশি মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলে নোলানের আগের সিনেমাগুলোর উদ্বোধনী আয়ের রেকর্ডও ভেঙেছে এটি।

বাংলাদেশেও সিনেমাটি শক্তিশালী সূচনা করেছে। বাংলাদেশ মুভি রিপোর্ট (বিএমআর) অনুযায়ী, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দিনেই প্রায় ৩৮ লাখ টাকা আয় করেছে ‘দ্য ওডিসি’। স্টার সিনেপ্লেক্সে ছবিটির ৪৯টি শোর মধ্যে ২১টি ছিল হাউসফুল, আর গড় আসন পূরণের হার ছিল ৬৬ শতাংশ।

ভারতেও প্রথম দিনে সিনেমাটির মোট (গ্রস) আয় হয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি। ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—চার ভাষায় মুক্তি পাওয়া ছবিটির মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ইংরেজি সংস্করণ থেকে।

হোমারের বিখ্যাত গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’-র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রোজান যুদ্ধের পর রাজা ওডেসিয়াসের নিজ রাজ্য ইথাকায় ফেরার রোমাঞ্চকর যাত্রা নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। এছাড়া রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া ও শার্লিজ থেরন।