ব্যক্তিজীবন নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু, তখনই নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন তিনি।

ছবিতে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের সালোয়ার-কামিজে, খোলা চুলে প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল রূপে দেখা গেছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘Becoming a better version of myself, one smile at a time’, অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছেন।

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। অল্প সময়েই হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্যে ভরে ওঠে পোস্টটি।

এদিকে পূজার বাগদান নিয়ে শোবিজ অঙ্গনে জোর আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে নতুন করে গুঞ্জন ছড়ায় যে, তিনি নাকি অনেক আগেই বাগদান সম্পন্ন করেছেন।

তবে এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পূজা চেরির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে এক পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বাগদান হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, বিয়ে করলে তা গোপনে নয়, সবার জানিয়ে আনুষ্ঠানিকভাবেই করবেন।