দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন তিনি।
ব্যক্তিগত কারণে বেশ কয়েক বছর অভিনয়ে অনিয়মিত ছিলেন শিমু। সম্প্রতি নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বের মাধ্যমে পর্দায় ফেরেন তিনি। তখনই পছন্দের কাজ পেলে নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
এরই ধারাবাহিকতায় নতুন এই নাটকে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটিতে শিমুর প্রথম লুক প্রকাশ করেছে। তবে নাটক বা নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী। একই অবস্থান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজেরও।
জানা গেছে, রাজের জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর পর এবার নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে শিমুর পাশাপাশি আরও যাঁরা অভিনয় করবেন, তাদের পরিচয় ধাপে ধাপে প্রকাশ করা হবে।
‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং **‘ফাঁদ ও বগার গল্প’**সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সুমাইয়া শিমু।

মন্তব্য করুন