https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু দুই ফুটবল পরাশক্তির নয়, দুই কোচের আবেগঘন পুনর্মিলনও। স্পেনের লুইস দে লা ফুয়েন্তে একসময় ছিলেন লিওনেল স্কালোনির কোচিং প্রশিক্ষক, এবার দুজনই মুখোমুখি বিশ্বসেরার মঞ্চে।
রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটে দে লা ফুয়েন্তে ও স্কালোনির দ্বৈরথও বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
২০১৭ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং লাইসেন্স কোর্সে অংশ নিয়েছিলেন স্কালোনি। সেই কোর্সের অন্যতম প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেখান থেকেই কোচিংয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা পান বর্তমান আর্জেন্টিনা কোচ।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি আমার মেন্টর ছিলেন। কোচিংয়ের অনেক কিছুই তাঁর কাছ থেকে শিখেছি। বিশ্বকাপ ফাইনালে তাঁর বিপক্ষে দাঁড়ানো বিশেষ অনুভূতি। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।
তবে আবেগ মাঠে প্রভাব ফেলবে না বলেও স্পষ্ট করেন তিনি। স্কালোনির ভাষায়, স্পেন আমার দ্বিতীয় বাড়ির মতো। সেখানে আমার পরিবার রয়েছে। কিন্তু আজ আমি দুঃখিত, কারণ মাঠে আমি মিস্টার দে লা ফুয়েন্তেকে হারাতেই চাই।
শিষ্যের প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনি ছিল অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। শেখার আগ্রহ দেখেই বুঝেছিলাম, সে অনেক দূর যাবে। আজ সে আর্জেন্টিনার হয়ে সবকিছু জিতেছে। ওর শিক্ষক হতে পেরে আমি গর্বিত।
তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের। বিশ্বকাপ ফাইনালে আমরা প্রতিপক্ষ হলেও সেই সম্মান অটুট থাকবে।