https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নামে একটি ফিল্ম সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে কলকাতা পৌরসভা পরিচালিত ‘উত্তম মঞ্চ’ আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি উত্তম কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন করেন এবং মাল্যদান করে মহানায়ককে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়সহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী জানান, শুধু মৃত্যুবার্ষিকী নয়, আগামী ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিনও বিশেষভাবে উদযাপন করা হবে। জন্মশতবর্ষ উপলক্ষে ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ উপলক্ষে রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। সেই কমিটির তত্ত্বাবধানে শতবর্ষের সব আয়োজন বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের স্মৃতি সংরক্ষণে কলকাতায় তার নামে একটি ফিল্ম সেন্টার নির্মাণ এবং ‘উত্তম মঞ্চ’ আধুনিকায়নের কাজও শুরু হবে।