https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং দেবের ‘কিশোরী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকের নজর কাড়া অভিনেত্রী ইধিকা পাল এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির হতে যাচ্ছেন। নতুন সিনেমার প্রয়োজনে তাকে দেখা যাবে ক্রিকেটারের বেশে, আর সেই প্রস্তুতিতে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
সাদা জার্সি, মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে ব্যাট হাতে অনুশীলন করছেন ইধিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সৃজিত ও ইধিকার সেই মুহূর্তের ছবি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সৃজিত মুখার্জির নতুন গোয়েন্দাভিত্তিক সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয় করছেন ইধিকা। এতে তাকে প্রচলিত রোমান্টিক নায়িকার ছক ভেঙে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে।
যদিও নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি ইধিকা। তবে সৃজিত মুখার্জির সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন এই যাত্রার ইঙ্গিত দিয়েছেন তিনি।
লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। ‘কালাপানির দিশা’ অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন সৃজিত মুখার্জি। এতে গোয়েন্দা কানাইচরণের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।
গোয়েন্দা ও রহস্যধর্মী গল্প নির্মাণে সৃজিত মুখার্জির আলাদা পরিচিতি রয়েছে। এর আগে ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ এবং ‘দশম অবতার’-এর মতো চলচ্চিত্রে তিনি সেই দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ নতুন কী চমক নিয়ে আসেন, সেটিই এখন দর্শকদের অপেক্ষা।
গত সপ্তাহে পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ছবিটি প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস।