https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টাকার প্রতি অতিরিক্ত আসক্তি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন দেশের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জীবনের এমন একটি নেশা আছে, যা একবার মানুষকে পেয়ে বসলে মৃত্যুর আগ পর্যন্ত তার পিছু ছাড়ে না।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সোহেল রানা লেখেন, পৃথিবীর সব ধরনের নেশাই ছেড়ে দেওয়া যায়। প্রয়োজন হলে কিছু নেশা চিকিৎসার মাধ্যমেও কাটানো সম্ভব। কিন্তু একটা নেশা কখনো কাটানো যায় না। জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে থেকে যায়। সেটা হলো টাকার কামাই করার নেশা। যদি একবার পেয়ে বসে, তাহলে আমৃত্যু ছাড়ে না।
সামাজিক নানা বিষয় নিয়ে নিয়মিতই নিজের মতামত প্রকাশ করেন এই বরেণ্য অভিনেতা। তার পোস্টে কখনো সমাজ ও মূল্যবোধ নিয়ে পর্যবেক্ষণ, আবার কখনো ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে নানা বার্তা উঠে আসে। এবারও টাকার প্রতি অতিরিক্ত মোহ নিয়ে নিজের ব্যক্তিগত উপলব্ধি তুলে ধরেছেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রে সোহেল রানার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। পরে অভিনয়, প্রযোজনা ও নির্মাণ—তিন ক্ষেত্রেই দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের চলচ্চিত্রাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সোহেল রানা। সমসাময়িক বিভিন্ন ইস্যু, সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিগত উপলব্ধি নিয়ে তার পোস্টগুলো প্রায়ই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।