https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হলিউড তারকা জনি ডেপ এবার সম্পূর্ণ নতুন এক রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কমিক-কনে আসন্ন চলচ্চিত্র ‘এবেনেজার’-এর চরিত্র এবেনেজার স্ক্রুজ সেজে আকস্মিক উপস্থিত হন তিনি।
টি ওয়েস্ট পরিচালিত সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তির কথা রয়েছে। এর প্রচারণার অংশ হিসেবে জনি ডেপ গ্যাস ল্যাম্প এলাকার ‘স্ক্রুজ অ্যান্ড মার্লি’ নামের একটি দোকানের সামনে হাজির হন। যদিও পুরো আয়োজনটি গোপন রাখা হয়েছিল, তবু তার এক ঝলক দেখার আশায় দুপুর থেকেই সেখানে ভিড় জমান অসংখ্য ভক্ত। ক্রিসমাস ক্যারল পরিবেশনার মধ্য দিয়ে পুরো এলাকায় তৈরি করা হয় উৎসবমুখর পরিবেশ।
কালো কোট, টপ হ্যাট ও বিশেষ মেকআপে একেবারে এবেনেজার স্ক্রুজ চরিত্রে নিজেকে উপস্থাপন করেন জনি ডেপ। চরিত্রের কর্কশ কণ্ঠে দর্শকদের উদ্দেশে মজার ছলে তিনি বলেন, “আপনাদের কোনো কাজ নেই? মনে হচ্ছে প্রচুর অবসর সময় আছে!”
অনুষ্ঠানে অনেক ভক্ত জনি ডেপের জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ও ম্যাড হ্যাটার-এর পোশাক পরে উপস্থিত হন। তাদের সঙ্গে হাস্যরস, ঠাট্টা ও ছোট ছোট অভিনয় পরিবেশনায় অংশ নেন এই অভিনেতা। প্রায় আধাঘণ্টা ধরে নিজের অভিনয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে রাখেন তিনি।
আসন্ন ‘এবেনেজার’ সিনেমায় জনি ডেপের নতুন রূপ ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।