https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূল নেতাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় প্রতীক না থাকলেও জনপ্রিয় ও গ্রহণযোগ্য একক প্রার্থী নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে প্রায় চার ঘণ্টার সাংগঠনিক বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্বচ্ছ ভাবমূর্তিকে প্রধান বিবেচনায় রাখতে বলা হয়েছে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভেদ ভুলে একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থাকবে থানা ও উপজেলা নেতাদের ওপর। সেখানে সমাধান না হলে বিষয়টি জেলা, পরে বিভাগীয় পর্যায়ে যাবে। প্রয়োজন হলে কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলের সাংগঠনিক কার্যক্রম আপাতত ধীরগতিতে পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন নিয়ে যাতে কোনো বিরোধ বা অসন্তোষ তৈরি না হয় এবং তার প্রভাব নির্বাচনে না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিএনপির নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হলেও স্থানীয় পর্যায়ে দল সমর্থিত একক প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। কেন্দ্র থেকেও কোনো প্রার্থী চাপিয়ে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এর আগে ১৮ জুলাই রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও একই ধরনের সাংগঠনিক বৈঠক করবেন তিনি।
বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।