https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।