https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশে ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও অনলাইন বাণিজ্য নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
খসড়া অনুযায়ী, বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার বা অনলাইনে পণ্য-সেবা বিক্রি করতে হলে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নিবন্ধন নিতে হবে। পাশাপাশি ভ্যাট, আয়করসহ প্রযোজ্য সব কর পরিশোধ করতে হবে।
নীতিমালায় প্রতারণামূলক, বিভ্রান্তিকর, নকল পণ্য, অনলাইন জুয়া, বেটিং ও আইন অনুযায়ী নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অনলাইন কেনাকাটায় প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্রস-বর্ডার এসক্রো সেবা চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে পণ্য বা সেবা ঠিকভাবে সরবরাহের পরই বিক্রেতা অর্থ পান।
ভোক্তা সুরক্ষায় ত্রুটিপূর্ণ, নকল বা চুক্তিবহির্ভূত পণ্য ফেরত নেওয়া এবং একই পেমেন্ট মাধ্যমে অর্থ ফেরতের বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি ও রিফান্ড নীতিও আগেই জানাতে হবে।
এছাড়া এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে রপ্তানি সহায়তা, দক্ষতা উন্নয়ন, সম্ভাব্য আর্থিক প্রণোদনা এবং বিদেশে ওয়্যারহাউস স্থাপনে নীতিগত সহায়তার প্রস্তাব রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় আগামী ৬ আগস্ট পর্যন্ত খসড়া নীতিমালার ওপর জনমত গ্রহণ করবে। এরপর মতামত পর্যালোচনা করে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে।