https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে বৈধ পথে এসেছে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৯ কোটি ৯০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার, যা প্রায় ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি।
চলতি মাসের শুরু থেকেই প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রথম পাঁচ দিনে দেশে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। ২১ দিনে সেই পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে এবং ২৫ দিনে তা বেড়ে ২২৯ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছায়।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
বর্তমান প্রবণতা বজায় থাকলে জুলাই মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করতে পারে বলে আশা করা হচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।