ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করল কুয়েত

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করল কুয়েত

ছবি: -সংগৃহীত

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছে কুয়েত। দেশটি বলেছে, ইরানের ওপর পরিচালিত কোনো হামলায় তারা অংশ নেয়নি এবং এ ধরনের অভিযানের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগও কাউকে দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনের পর কুয়েত সরকার এ অবস্থান জানায়। দেশটির সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েত ও বাহরাইন গোপনে ইরানের ভেতরে বিমান হামলা চালায়। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন-ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এ অভিযানে সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে।

এসব দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নাল–এর সম্পাদকীয় বোর্ডের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি প্রতিবেদনের সব অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেন।

কুনার তথ্যমতে, রাষ্ট্রদূত তার চিঠিতে স্পষ্টভাবে বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। পাশাপাশি আক্রমণাত্মক কোনো অভিযান পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতিও কোনো পক্ষকে দেওয়া হয়নি।

ইরানের মেহর নিউজও কুনার বরাতে জানিয়েছে, কুয়েত সরকার প্রতিবেদনে উত্থাপিত দাবিগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তবে একই প্রতিবেদনে বাহরাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930