দ্বিতীয়বার মা হওয়ার পর স্বামী কাঞ্চন মল্লিককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ৫৬ বছর বয়সে কাঞ্চনের আবার বাবা হওয়া নিয়ে কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কাঞ্চনের ক্ষমতা আছে বলেই বাবা হয়েছে।’

শনিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। বর্তমানে মা ও নবজাতক দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল থেকেই ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাদের মেয়ে কৃষভি এখনও ছোট ভাইকে দেখেনি। রোববার তাকে হাসপাতালে আনা হবে।

ছেলে সন্তান চেয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে শ্রীময়ী বলেন, ছেলে বা মেয়ের বিষয়টি কখনোই তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। তাদের একমাত্র চাওয়া ছিল সুস্থ একটি সন্তানের জন্ম।

দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ই পরিকল্পনা করে ঘটেনি। অভিনয়ে আসা, কাঞ্চন মল্লিককে বিয়ে কিংবা মাতৃত্ব—সবকিছুকেই তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখেন। তবে নিজের জীবনে ভাই-বোনের গুরুত্ব অনুভব করেই তিনি চেয়েছিলেন, কৃষভিরও একজন সঙ্গী থাকুক।

শ্রীময়ী জানান, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন। পরে স্বামী কাঞ্চন মল্লিক, পরিবারের সদস্য এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের উৎসাহ ও মানসিক সমর্থনে তিনি আত্মবিশ্বাস ফিরে পান।

৫৬ বছর বয়সে কাঞ্চনের বাবা হওয়া নিয়ে সমালোচনার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘বয়স বেশি তো কী হয়েছে? কাঞ্চনের ক্ষমতা আছে বলেই বাবা হয়েছে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক বিষয়। যারা এটি নিয়ে কটাক্ষ বা অশালীন মন্তব্য করছেন, তাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালে কন্যাসন্তান কৃষভির জন্মের পর এবার পুত্রসন্তানের আগমনে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে যোগ হলো নতুন সদস্য।