https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতালটির গৃহীত সংশোধনমূলক পদক্ষেপ সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটিকে কয়েকটি শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মধ্যে রয়েছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ সম্পন্ন করা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।