https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের বিহারে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক পুলিশ সদস্যকে বিক্ষোভকারীদের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়তে দেখা যায়, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ২৫ জুলাই বিহারের সিওয়ান এলাকায় ঘটে। অভিযুক্ত কনস্টেবল অভিষেক প্যাটেলকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে বিক্ষোভকারীদের দিকে অগ্রসর হচ্ছেন। ফুটেজে অন্তত এক রাউন্ড গুলির দৃশ্য দেখা গেলেও, প্রত্যক্ষদর্শীদের দাবি তিনি একাধিক রাউন্ড গুলি চালিয়েছিলেন।
ঘটনায় আহত তিনজনকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফ নামের এক কিশোরও রয়েছে। পরিবারের দাবি, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার গলায় গুলি লাগে এবং পরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন এবং আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন।
এদিকে রাজ্যসভার সদস্য মনোজ কুমার ঝা এ ঘটনায় সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় বিভাগীয় ও আইনি তদন্ত চলছে। আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নিয়ম ও প্রটোকল অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমেই নির্ধারণ করা হবে।