https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ আল হামদী।
বৃহস্পতিবার সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে ‘ডানাটা’র আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
জবাবে প্রতিমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। ওআরএটি কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার পর এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্টদের অবহিত করবে।
মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরে সেবার মান উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।