ঢাকা
৩০ জুলাই ২০২৬

আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

ছবি: -সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের এই সফরের অন্যতম লক্ষ্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

সূত্র জানায়, ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সেই প্রেক্ষাপটেই ওয়াশিংটনের এই উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন সার্জিও গর। ফলে ঢাকা-দিল্লি সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি নিয়েও তিনি আগ্রহ দেখাতে পারেন। পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ সম্পর্কেও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করে।

সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।