ঢাকা
৩০ জুলাই ২০২৬

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমতে পারে গরম

ছবি: -সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯টি অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে ঢাকায় দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে, ফলে গরম কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।