https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বিবেচনায় মোদী একজন ইনফ্লুয়েন্সার হিসেবেই বেশি সফল।
বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপকে এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রামে প্রকাশিত বিভিন্ন ভিডিওর সমালোচনা করে বলেন, আমার মনে হয়, তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি এ কাজ বেশ ভালোই করছেন।
তিনি আরও বলেন, যদি তিনি এতটাই ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে অন্য কাউকে সেই দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।
এর আগে মঙ্গলবার কংগ্রেস নেতা ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও মোদীর ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও বানালেই জেন-জির ভোট পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্যামেরার অ্যাঙ্গেল নয়, হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।
এদিকে একই অনুষ্ঠানে প্রশ্নফাঁস প্রতিরোধে নতুন আইন নিয়েও মন্তব্য করেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, শুধু নতুন আইন করলেই সমস্যার সমাধান হবে না। আইনের সঠিক প্রয়োগ এবং উদ্দেশ্য বাস্তবায়ন নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
তার ভাষায়, এই দেশে অনেক ভালো আইন রয়েছে। কিন্তু শুধু একের পর এক আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হয় না।