https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সরকারি দ্বিপক্ষীয় (জি-টু-জি) চুক্তির আওতায় চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য প্রায় ১৬ হাজার ৮৮৮ কোটি ৫২ লাখ টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ সুপারিশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সমঝোতা অনুযায়ী নির্ধারিত প্রিমিয়াম, আমদানির পরিমাণ এবং আন্তর্জাতিক সূচক মূল্য বিবেচনায় ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে জ্বালানি তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন, থাইল্যান্ডের ওকিউটি এবং ইন্দোনেশিয়ার বিএসপি থেকে জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল কেনা হবে।
জ্বালানি তেল আমদানির পাশাপাশি সভায় অবকাঠামো ও উন্নয়নসংক্রান্ত আরও কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও ঝুঁকি হ্রাস’ প্রকল্পের আওতায় বগুড়ায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে প্রায় ১২৬ কোটি টাকার কার্যাদেশ একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন সার সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সার বাফার গুদাম নির্মাণে প্রায় ৪৯ কোটি টাকার কার্যাদেশ দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
সভায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের সংশোধিত সমন্বিত ট্যারিফ অনুমোদনের সুপারিশ করা হয়। সংশোধিত হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের ট্যারিফ ৫ দশমিক ০২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ নেটওয়ার্ক নির্মাণসংক্রান্ত দুটি বড় প্রকল্পের কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের পরামর্শক সেবার মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো এবং ব্যয় বৃদ্ধি করার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।