https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ক্যানসারকে হারিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। এবার ৫৫ বছর বয়সে শরীরের পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণের সংগ্রাম এবং ফিটনেস নিয়ে নিজের অভিজ্ঞতা খোলামেলাভাবে তুলে ধরে অনুরাগীদের উদ্দেশে দিয়েছেন ইতিবাচক বার্তা।
‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘বম্বে’ ও ‘খামোশি’খ্যাত এই অভিনেত্রী ২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসা ও কঠিন লড়াই শেষে ক্যানসারকে জয় করে তিনি আবার অভিনয়ে ফেরেন। বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন। ব্যস্ততার মাঝেও স্বাস্থ্যকর জীবনযাপন ও শরীরচর্চাকে তিনি নিজের জীবনের অন্যতম অগ্রাধিকার হিসেবে নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও সুস্থ জীবনধারার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন মনীষা। সম্প্রতি এক পোস্টে তিনি জানান, তার ফিটনেস যাত্রা শুধু ওজন কমানোর নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের গল্প।
অভিনেত্রীর ভাষ্য, একসময় নিয়মিত ব্যায়াম ও খাদ্যনিয়ন্ত্রণের পরও ওজন কমছিল না। ওজন মাপার যন্ত্রে বারবার একই ফল দেখে তিনি ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন, এমনকি কান্নাও করেছিলেন। পরে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তিনি বুঝতে পারেন, বয়স বাড়ার সঙ্গে শরীরের বিপাকক্রিয়া, হরমোনের পরিবর্তন এবং পেশির গঠনে পরিবর্তন আসে। ফলে আগের মতো দ্রুত ওজন কমানো সবসময় সম্ভব হয় না।
এই বাস্তবতা মেনে নিয়েই তিনি নতুনভাবে নিজের ফিটনেস যাত্রা শুরু করেন। মনীষা বলেন, ‘হয়তো এখনও আমার লক্ষ্য অনেক দূরে। কিন্তু আমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ অনুভব করছি এবং বিশ্বাস করি, ধৈর্য ধরে এগিয়ে গেলে একদিন লক্ষ্যে পৌঁছাতে পারব।’
অনুরাগীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, শরীরচর্চা করেও দ্রুত ওজন না কমলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস এবং ধৈর্য—এই তিনটিই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।
মনীষার অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, বয়সের সঙ্গে শরীরের পরিবর্তন স্বাভাবিক। তাই ওজনের সংখ্যাকে নয়, বরং সুস্থতা, শারীরিক সক্ষমতা এবং নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।