ঢাকা
৩০ জুলাই ২০২৬

আমির খানকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে মুম্বাই পুলিশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
আমির খানকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে মুম্বাই পুলিশ

ছবি: -সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটে তাকে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এসব বার্তায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামও উল্লেখ করা হয়েছে।

ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামে দুজন নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছেন। তারা আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করার অভিযোগ তুলে তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বার্তার সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত আমির খান বা তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম জানিয়েছেন, আমির খান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি পর্যালোচনা করে অভিনেতার নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন আছে কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।

এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। এবার আমির খানকে ঘিরে একই গোষ্ঠীর নাম সামনে আসায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে আমির খানকে দেওয়া কথিত হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা এখনো আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেনি। তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।