ঢাকা
৩০ জুলাই ২০২৬

বিরতি ভেঙে ফের ইরানে মার্কিন হামলা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
বিরতি ভেঙে ফের ইরানে মার্কিন হামলা

ছবি: -সংগৃহীত

টানা প্রায় পাঁচ দিনের বিরতির পর ইরানে আবারও সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ৮টার দিকে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নতুন করে অভিযান শুরু হয়।

অভিযান শুরুর পর মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানায়, আগের দিন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলার জবাব দিতেই এই অভিযান শুরু করা হয়েছে।

এর আগে বুধবার ইরানের একটি ড্রোন মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে আঘাত হানে বলে দাবি করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে। সংস্থাটির কর্মকর্তারা রয়টার্সকে জানান, হামলায় বন্দরে আগুন ধরে যায়।

একই সময়ে মার্কিন ও সৌদি বাহিনী ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছিল বলে জানা গেছে। এর কাছাকাছি সময়ে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও জানিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

দামিয়েত্তা বন্দরে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয়। তবে তাদের বিবৃতিতে ড্রোন হামলার কোনো উল্লেখ করা হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা করেছে। এর জবাব যুক্তরাষ্ট্র দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছিল। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকারে ইরানের ড্রোন হামলার পর পরিস্থিতির আবারও অবনতি ঘটে। এর জবাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী পাল্টা হামলা শুরু করে। প্রায় ১৩ দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই থেকে দুই পক্ষের মধ্যে নতুন করে ‘বিরতি’ চলছিল।

তবে বুধবার রাতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে আইআরজিসি।

এদিকে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা যৌথভাবে পরিচালনার জন্য সম্প্রতি ইরানকে প্রস্তাব দিয়েছিল ওমান। তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও জানিয়েছে আইআরজিসি।

নতুন করে মার্কিন হামলা শুরুর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আবারও বড় আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।