https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। এটি তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গরের এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গর। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং আঞ্চলিক ভূরাজনীতিতে ঢাকার অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী ওয়াশিংটন। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হতে পারে।
এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চও বাংলাদেশ সফর করেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর।
সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।