ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর নতুন লুকে আবারও আলোচনায়। অস্ট্রেলিয়ায় বসবাসরত এই অভিনেত্রী এবার কমলা রঙের ব্লেজার পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবির সঙ্গে দেওয়া একটি রহস্যময় বার্তাও ভক্তদের দৃষ্টি কেড়েছে।

ফেসবুকে প্রকাশিত চারটি ছবিতে শাবনূরকে আত্মবিশ্বাসী ও পরিপাটি লুকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। সাত ঘণ্টায় এতে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। অধিকাংশ ভক্তই শাবনূরের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

একজন ভক্ত লেখেন, আপনার সবচেয়ে বড় গুণ, আপনি স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন না। আর এজন্যই আপনি শাবনূর।

আরেকজন মন্তব্য করেন, আমরা আপনার ভক্তরা বিবেচনাহীন মানুষের কথা কখনোই যাচাই না করে বিশ্বাস করি না।” কেউ আবার লিখেছেন, “নিন্দুকেরা যাই বলুক, আপনি সবসময়ই আমাদের প্রিয়।

দীর্ঘদিন ধরেই শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। বড় পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ব্যক্তিগত অনুভূতি ও নানা উপলব্ধি ভাগ করে নেন।

প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিলেও ছবিটির কাজ শেষ হয়নি। পরে সিনেমাটির কিছু অসম্পাদিত দৃশ্য প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।