https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলী’-তে একেবারে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। তার ভাষায়, ক্যারিয়ারে এই প্রথম এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) ঢাকার একটি অভিজাত হোটেলে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মধুমিতা বলেন, ‘আমি এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি। চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। আশা করছি, দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।’
তিনি জানান, মহরত অনুষ্ঠানের পরই ছবিটির শুটিং শুরু হবে। পুরো টিম আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ছবিটি দর্শকদের ভালো লাগবে।
অনুষ্ঠানে চলচ্চিত্রটির নির্মাতা মো. ইকবাল বলেন, ‘গুলশানের চামেলী’ একটি ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে। গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। খুব শিগগিরই ছবিটির নিয়মিত শুটিং শুরু হবে। পর্যায়ক্রমে চলচ্চিত্রটির আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ঢাকার ওই মহরত অনুষ্ঠানে ছবির নির্মাতা, শিল্পী-কলাকুশলীসহ চলচ্চিত্র অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই সিনেমাকে ঘিরে অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।