https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনের কাছে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থান ও তাৎক্ষণিক প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় তারা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিএসএফের একটি দল নিয়মবহির্ভূতভাবে সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি বসানোর উদ্যোগ নেয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে এলে সঙ্গে সঙ্গে আপত্তি জানানো হয়।
পরে বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে খুঁটি অপসারণের দাবি তোলে এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানায়। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা খুঁটিগুলো সরিয়ে নেয় বলে জানা গেছে।
তবে শুক্রবার (২২ মে) বিকেল থেকে দহগ্রাম সীমান্ত এলাকায় আবারও একই ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করছে বিএসএফ—এমন তথ্য পাওয়া গেছে। এতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ প্রায়ই এ ধরনের খুঁটি স্থাপনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দল বাধা দিলে তারা সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয়।