গ্রিসে দাবানল নেভানোর অভিযানের সময় মাঝ আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। অপর হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও এক গ্রিক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুটি বেল হেলিকপ্টারের একটি অন্যটির রোটরের সঙ্গে ধাক্কা খেলে সেটিতে আগুন ধরে যায় এবং তা একটি খাদে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের মধ্যে গ্রিসের বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের ঝুঁকিতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই তাপপ্রবাহের কারণে ইউরোপের আরও কয়েকটি দেশেও বড় ধরনের দাবানল দেখা দিয়েছে।


মন্তব্য করুন