https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে ঘুমন্ত এক নারীকে কুঁড়েঘর থেকে টেনে নিয়ে যাওয়ার পর বাঘের হামলায় তার মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে বালাঘাট জেলার কানহা জাতীয় উদ্যানসংলগ্ন পররাপুর বৈগাটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুগনি বাই ধুরভে (৩০) রাতে কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বাঘ ঘরে ঢুকে তার মাথা কামড়ে ধরে প্রায় ৩০০ মিটার দূরে টেনে নিয়ে যায়। পরিবারের চিৎকারে স্থানীয়রা টর্চ হাতে ছুটে এলে বাঘটি তাকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে বাইহারের একটি হাসপাতালে নেওয়া হলেও মাথায় মারাত্মক আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন বিভাগ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে। পুলিশও অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ওই এলাকায় বাঘ ও চিতাবাঘের লোকালয়ে ঢোকার একাধিক ঘটনা ঘটেছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এলাকায় খাঁচা বসানো, টহল জোরদার এবং বাসিন্দাদের রাতে ঘরের দরজা বন্ধ রাখা ও অপ্রয়োজনে জঙ্গলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নিহতের পরিবার দরজাবিহীন একটি কুঁড়েঘরে বসবাস করত এবং সরকারি আবাসন সুবিধাও পায়নি, ফলে তারা চরম নিরাপত্তাহীন অবস্থায় জীবনযাপন করছিল।