https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা রক্ষায় প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এক চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এ প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ালেও অসতর্ক ব্যবহারে সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ কারণে সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারের সময় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এআই ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করেই কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার বিস্তারের লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।