https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারে একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরব বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী। তিনি জানান, মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার।
তিনি আরও জানান, বিনিয়োগ নিয়ে শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া চলতি বছরই দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ সভা এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিতে চায় বলেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্টসংক্রান্ত বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিষয়টি বৈঠকের মূল আলোচ্য ছিল না। তবে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের কূটনৈতিক মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যাগুলো সমাধানে কাজ করছে।
তিনি আরও বলেন, সৌদি আরব শুধু একটি খাতে নয়, বরং বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।