https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড বিষয়ক এক সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ছবি ও কিউআর কোডসংবলিত কৃষক কার্ডে শুধু কৃষকের পরিচয় নয়, কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। সে অনুযায়ী কার্ডের নকশা ও তথ্যব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে তাদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।
সরকারের কৃষি ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা ও অন্যান্য সুবিধা দ্রুত এবং সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এ কার্ডের আওতায় আসবেন। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সভায় কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।