https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতের ভিসা বাতিল করা হলেও তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। তিনি বলেন, এটি একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা স্থগিতের সিদ্ধান্ত, বহিষ্কারের নয়।
মার্কিন প্রশাসনের দাবি, ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজের অনুমোদন আটকে দেওয়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, পেরেজের অনুমোদন মিললেই ভিয়োত্তির ভিসা পুনর্বহাল করা হবে। ততদিন তিনি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।
ড্যানি পেরেজ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্র। গত জুনে তাঁকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হলেও এখনো ব্রাজিলের আনুষ্ঠানিক সম্মতি মেলেনি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্রাজিল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের আগেই পেরেজের মনোনয়নের ঘোষণা দেন। ব্রাজিল সরকার এটিকে কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে দেখছে এবং আনুষ্ঠানিক অনুমোদনের আগে তাঁর মনোনয়ন পর্যালোচনা করতে চায়।
আল জাজিরা জানিয়েছে, ব্রাজিলের সম্মতি ছাড়া পেরেজ রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রদূতদের ঘিরে এই পাল্টাপাল্টি পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও গভীর করতে পারে। উল্লেখ্য, গত মাসে ব্রাজিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ব্রাজিলের দাবি ছিল, ওই প্রতিনিধিদল দেশটির নির্বাচনব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। আগামী অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।