https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি আলোচিত মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মামলায় মোট ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। দুটি ট্রাইব্যুনাল এখন পর্যন্ত ছয়টি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে, যা বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি জানান, আরও অনেক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং সেগুলোর বিচারও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
ঘোষিত রায়গুলোর মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান।
চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানো ও একজনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন এবং একজনের ২০ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দুই অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং সে সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরও বেশ কয়েকটি মামলার বিচার বর্তমানে চলমান রয়েছে। বাসস