https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভিসা লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতার আহ্বান, অপরাধমূলক কর্মকাণ্ড এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। হামলা, মাতাল অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের অন্যতম কারণ।
মন্ত্রণালয়ের দাবি, গত বছর ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর শুরু হওয়া ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে ধারাবাহিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বৈধ ভিসাধারীসহ বিপুলসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজমের’ সঙ্গে জড়িত শতাধিক দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতি সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তাদের সন্তান মার্কিন নাগরিকত্ব পায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্ত অব্যাহত থাকবে। মন্ত্রণালয়ের ভাষ্য, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা। তাই ভিসার অপব্যবহার হলে তা বাতিলের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত জানুয়ারিতে এক লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময়ের তুলনায় এবার বাতিল হওয়া ভিসার সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।