https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ঘনিষ্ঠ সহযোগী আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দামেস্কের ফৌজদারি আদালত এ রায় দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ে এবং আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেন। আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে দেরা প্রদেশে আসাদ সরকারের দমন-পীড়নের সময় সংঘটিত এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল।
আতেফ নাজিব বাশার আল-আসাদের চাচাতো ভাই এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে তিনি দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। আদালতের অভিযোগ অনুযায়ী, তার নেতৃত্বে শিশুদের হত্যা ও নির্যাতনসহ ব্যাপক দমন-পীড়ন চালানো হয়, যা পরবর্তী সময়ে বিদ্রোহ ও গৃহযুদ্ধের বিস্তারে ভূমিকা রাখে।
২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাশার আল-আসাদ পরিবারের সদস্যদের নিয়ে মস্কো পালিয়ে যান। তবে আতেফ নাজিব পালাতে পারেননি এবং পরে তাকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়।
আসাদ ও তার পরিবারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের অধীনে এটি প্রথম কোনো আদালতের রায়। হাফেজ আল-আসাদ ও তার ছেলে বাশার আল-আসাদ মিলে পাঁচ দশকের বেশি সময় সিরিয়া শাসন করেছেন। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে জানা যায়।