https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর মুখ খুলেছেন সুরকার এ আর রহমানের ছেলে ও গায়ক আমিন রহমান। সোমবার (১০ আগস্ট) ভোরে বন্ধুর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে তিনি, তার এক বন্ধু ও অপর গাড়ির চালক সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার পর কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ঘটনার সময় আমিন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করে আমিন জানান, তিনি গাড়ি চালাচ্ছিলেন না, যাত্রীর আসনে ছিলেন। তার বন্ধুই গাড়িটি চালাচ্ছিলেন।
আমিন বলেন, বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে জড়িত সবাই নিরাপদে আছেন জানিয়ে খোঁজ নেওয়া, ভালোবাসা ও প্রার্থনার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।
আমিনের বোন গায়িকা ও সুরকার খতিজা রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, তাদের সামনে থাকা একটি গাড়ি লাল সংকেত অমান্য করে এগিয়ে আসায় সংঘর্ষ ঘটে। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে বলা হয়েছে, রাস্তার বাঁ দিক থেকে একটি গাড়ি মূল সড়কে ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটে।
খতিজা ভুল তথ্য প্রকাশের আগে পরিবারের সঙ্গে তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার পর দুই গাড়িই জব্দ করেছে পুলিশ এবং এ ঘটনায় মামলা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ ও গাড়ি কে চালাচ্ছিলেন—এ নিয়ে আমিন ও তার পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক তথ্যের কিছুটা পার্থক্য রয়েছে।