যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর বিষয় গুরুত্ব পায়।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় খাত তুলে ধরে তিনি বলেন, সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
অতুল কেশাপ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের প্রতি আগ্রহ প্রকাশ করে দুই দেশের বেসরকারি খাতের সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মন্তব্য করুন