https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে পানি ঢুকলেও জাহাজটির কার্গো ট্যাংক অক্ষত রয়েছে। এতে থাকা প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলও নিরাপদ রয়েছে এবং সমুদ্রে কোনো তেল ছড়িয়ে পড়েনি।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের সঙ্গে এমটি সি স্পাইকের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে তীব্র স্রোতের কারণে ট্যাংকারটির নিয়ন্ত্রণে সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে ট্যাংকারটির ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়ে পানি ঢোকে। এতে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় হলেও জরুরি ব্যাটারির মাধ্যমে ভিএইচএফ যোগাযোগ সচল রাখা হয়েছে।
উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ড কাজ করছে। ট্যাংকারের জ্বালানি দ্রুত খালাস এবং ফাটল মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।