https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের জুন শেষে ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯০৬ কোটি টাকা।
একই সময়ে একক নিট মুনাফা বেড়েছে ৬৭ শতাংশ। ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৬২০ কোটি টাকা থেকে বেড়ে চলতি বছরের প্রথমার্ধে তা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা।
১৩ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকটির ভার্চ্যুয়াল আয়-সংক্রান্ত সভায় প্রথম ছয় মাসের আর্থিক ফলাফল ও ব্যবসায়িক অগ্রগতি তুলে ধরা হয়। সভায় দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষণা বিশ্লেষক, তহবিল ব্যবস্থাপক ও পুঁজিবাজারসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, জুন শেষে গত বছরের একই সময়ের তুলনায় গ্রাহক আমানত বেড়েছে ২৫ শতাংশ। একই সময়ে ঋণ ও অগ্রিম বেড়েছে ১৮ শতাংশ। ৩০ জুন শেষে গ্রাহক আমানত ৯৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছাড়িয়েছে ৭৬ হাজার কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংকটির ব্যবস্থাপনাধীন মোট তহবিল ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি।
করপোরেট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং খুচরা ব্যাংকিং—তিন খাতেই ঋণ ও ব্যবসা বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। একই সঙ্গে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখার কথাও জানিয়েছে ব্যাংকটি।
পরিচালন দক্ষতার ক্ষেত্রেও উন্নতি হয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে আয়-ব্যয়ের অনুপাত ৪৮ শতাংশ থাকলেও চলতি বছরের প্রথম ছয় মাসে তা কমে ৪২ শতাংশে নেমেছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।
এদিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় ২০২৫ সালের একই সময়ের ৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে চলতি বছরের জুন শেষে ৫ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের শেষে ৪৪ টাকা ৮৪ পয়সা থাকা সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও জুন শেষে বেড়ে হয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা।