ঢাকা
১৯ আগস্ট ২০২৬

ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ছবি: -সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের ইচিগো রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, লেবেলবিহীন খাদ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এ জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে কোনো ধরনের লেবেল ছাড়াই চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি মজুদ করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্যও ছিল না।

এ ছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় রেস্টুরেন্টের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

অভিযানের বিষয়ে বি. এম. রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে সঠিক লেবেলিং এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা ভোক্তার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটনের মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031