ঢাকা
১৯ আগস্ট ২০২৬

নতুন পেশায় তমা মির্জা, অভিনয় কি তবে ছাড়ছেন?

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
নতুন পেশায় তমা মির্জা, অভিনয় কি তবে ছাড়ছেন?

ছবি: -সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে কাজ করছেন তিনি।

নতুন কর্মজীবনের অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন জানিয়ে তমা বলেন, নতুন সহকর্মী ও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তার ভালোই লাগছে। এরই মধ্যে নতুন বন্ধুত্বও তৈরি হয়েছে বলে জানান তিনি।

তবে ব্যাংকের নতুন দায়িত্ব নেওয়ায় অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন কি না—এমন প্রশ্নও উঠেছে। তমার স্পষ্ট উত্তর, অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই। বরং নতুন পেশার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চান তিনি।

তমা বলেন, অভিনয় তার প্রথম ভালোবাসা ও ভালো লাগার জায়গা। তাই এই জগৎ থেকে সরে যাওয়ার প্রশ্নই আসে না। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলে জানান তিনি।

গত বছর প্রেক্ষাগৃহে তমা মির্জার মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে ‘দাগি’ সিনেমার সেই একটি কাজই তাকে দর্শক ও সমালোচকদের নতুন করে আলোচনায় নিয়ে আসে।

এবার নতুন সিনেমা ‘খলনায়ক’ নিয়ে ফিরছেন তমা। আগস্টের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ।

নতুন সিনেমা প্রসঙ্গে তমা বলেন, ‘দাগি’র পর আরও ভালো একটি গল্প নিয়ে ফেরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। ‘খলনায়ক’-এর গল্প ও নিজের চরিত্র দুটোই তার পছন্দ হয়েছে।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। এরপর সময়ের সঙ্গে নিজের অভিনয়ের ধরনেও এনেছেন পরিবর্তন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’তে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এবার করপোরেট জগতেও নতুন পরিচয় তৈরি করেছেন তমা। তবে তার কথায় স্পষ্ট—পেশা বদলালেও অভিনয় থেকে দূরে যাচ্ছেন না তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031