https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কলেরা সংক্রমণ প্রতিরোধে আজ শনিবার (২২ আগস্ট) থেকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়া শুরু করেছে সরকার। ঢাকার দুই সিটি করপোরেশনসহ কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি উপজেলা ও থানা এলাকায় এই টিকাদান কর্মসূচি চলছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এক বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা নিতে পারবেন। তবে অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা নিতে পারবেন না। কর্মসূচির আওতায় ৫১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এবং উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকাও কর্মসূচির আওতায় রয়েছে।
প্রথম ডোজ দেওয়া হচ্ছে ২২ আগস্ট থেকে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কলেরা থেকে সুরক্ষার জন্য উপযুক্ত প্রত্যেক ব্যক্তিকে দুই ডোজ টিকাই নিতে হবে। এক ডোজে পূর্ণ সুরক্ষা পাওয়া যাবে না।
টিকা নিতে উপযুক্ত নাগরিকদের ভ্যাক্সইপিআই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যাবে। এই নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য পরিচয়পত্র তৈরির সুযোগও থাকবে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কলেরা প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নির্ধারিত সময়ে কলেরার দুই ডোজ টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।