ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, এক বাংলাদেশিসহ নিহত ১৫

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, এক বাংলাদেশিসহ নিহত ১৫

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৫ বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া এক বাংলাদেশি কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গত ২৫ আগস্ট মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ কর্মী নিহত হন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জাকির হোসেন রয়েছেন। নিহতদের মধ্যে চীনা ও রুশ নাগরিকও রয়েছেন।

দুর্ঘটনার পর থেকে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদ আলাল হোসেন রাজু নিখোঁজ রয়েছেন।

আহত ৩৫ বাংলাদেশি কর্মীর চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মস্কোয় বাংলাদেশ দূতাবাস। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য মস্কো নেওয়া হচ্ছে।

এদিকে, নিখোঁজ বাংলাদেশির সন্ধান এবং আহতদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। নিহত জাকির হোসেনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি তার বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

দূতাবাস এ ঘটনায় সহায়তার জন্য একটি হটলাইনও চালু করেছে।