ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের কক্সবাজারে বারে সংঘর্ষে দুই যুবক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৭২, নিখোঁজ হাজারের বেশি ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ পুনরায় শুরুর উদ্যোগ, তেহরানে কাতারের প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যার পর নতুন শঙ্কা, যেকোনো সময় ভাঙতে পারে হ্রদ সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, কাদার নিচ থেকে উদ্ধার ৩৮৯ মরদেহ চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে কোটি টাকার বিএমডব্লিউ জব্দ

কক্সবাজারে বারে সংঘর্ষে দুই যুবক নিহত

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
কক্সবাজারে বারে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় একটি বারে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে রেনেসাঁ হোটেলের দোতলায় অবস্থিত বারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার নাজিবুল হক রাশেদ (২৮) ও বিজিবি ক্যাম্প এলাকার সোলাইমান ওরফে সালমান (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বারে বসে কয়েকজন যুবক মদ পান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে রাশেদ ও সালমানের পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উভয় পক্ষ বাইরে থেকে আরও লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্র ও ভাঙা কাচের বোতল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় ভাঙা কাচ ও ছুরির আঘাতে রাশেদের গলা ও পেটে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাশেদকে হত্যার অভিযোগে সালমানকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ পাহারায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

তবে স্থানীয় একটি সূত্রের দাবি, রাশেদের মৃত্যুর পর তার পক্ষের লোকজন সালমানকে হাসপাতাল বা আশপাশের এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে আবারও মারধর করেন। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বারটি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। তদন্তের স্বার্থে এবং আলামত সংরক্ষণে বারটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে রেনেসাঁ হোটেলের ব্যবস্থাপক ফয়েজুল হক দাবি করেছেন, তাদের বারের লাইসেন্স ২০২৭ সালের জুন পর্যন্ত নবায়ন করা রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।